স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় সরকারি নির্দেশনা অনুযায়ী ‘ফুয়েল কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে তেল সংগ্রহকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইন অমান্য করায় দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার সকাল থেকে বিভিন্ন পাম্প পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা গ্রাহকদের ভিড়ে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নিয়ম বহির্ভূতভাবে তেল সংগ্রহের চেষ্টা করায় এ অভিযান চালানো হয়। হক ফিলিং স্টেশনে লাইন ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় মৃত রবিউল ইসলামের ছেলে আব্দুল হামিদকে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এনামুল হক ফিলিং স্টেশনে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র এবং হেলমেট না থাকায় নতিডাঙ্গা গ্রামের সাব্বিরকে (১৮) কে ৯২/১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আলিয়ার নগরের মহেন আলী (৩৫) নামে এক ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাকেও সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে সকাল থেকেই উপজেলা প্রশাসনের কঠোর তদারকিতে প্রকৃত কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ডিজেল বিতরণ করা হচ্ছে। শৃঙ্খলা রক্ষায় ফিলিং স্টেশনগুলো থেকে নির্ধারিত মাপে তেল দেওয়া হচ্ছে। বাস ও ট্রাকে সর্বোচ্চ ৫০ লিটার ডিজেল। ট্রাক্টর ও অন্যান্য যানবাহনে সর্বোচ্চ ৩০ লিটার ডিজেল দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং কালোবাজারি বন্ধে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সাধারণ গ্রাহক ও কৃষকদের লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধারণ করে তেল সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।



