স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচার রোধ এবং অবৈধ মজুতদারদের দমনে বড় ধরনের যৌথ অভিযান চালিয়েছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন । গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার সদর, দামুড়হুদা ও দর্শনা থানার বিভিন্ন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে গঠিত এই যৌথ টাস্কফোর্স দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে বিশেষ নজরদারি চালায়। অভিযানে বিজিবির পক্ষে দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. এনামুল কবিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহল দল অংশ নেয়।
অভিযান চলাকালীন বিভিন্ন জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র ও মজুত পরিস্থিতি যাচাই-বাছাই করা হয়। এ সময় বিজিবি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, কোনো অসাধু চক্র যদি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে অবৈধ মজুত করে কিংবা ভারতে পাচারের চেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, দেশের সম্পদ রক্ষায় এবং জ্বালানি তেলের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্ত এলাকায় এই ধরনের কঠোর নজরদারি ও যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে জ্বালানি তেল পাচার রোধে কঠোর হুঁশিয়ারি



