সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিলেন চুয়াডাঙ্গার রউফুন নাহার রিনা

স্টাফ রিপোর্টার
সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়নপত্র জমা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা। গতকাল রবিবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন ও জমা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গা পৌর মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের মহিলা নেত্রীবৃন্দ। মনোনয়নপত্র গ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক এস কে সাদীসহ মনোনয়ন গ্রহণকারী কমিটির নেতারা।
রউফুন নাহার রিনা চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের একজন ত্যাগী নেত্রী হিসেবে সুপরিচিত। তার রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৮১ সালে ছাত্রদলের সদস্যপদ গ্রহণের মাধ্যমে। পরবর্তীতে ১৯৮২ সালে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের কমনরুম বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
১৯৮৫ সালে বিএনপির তৎকালীন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে তিনি চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের আহ্বায়ক মনোনীত হন। পরবর্তীতে ১৯৯০ সালে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সময়ও তিনি পুনরায় আহ্বায়ক নির্বাচিত হন। ২০০৫ সালে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি ১০১ সদস্যবিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি নির্বাচিত হন।
২০২২ সালে গঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালে পুনরায় চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি নির্বাচিত হন। এরপর থেকে তিনি দক্ষতার সঙ্গে সংগঠন পরিচালনা করে আসছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।