খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে হাসিবুল হক লিপুর নাম ঘিরে স্থানীয় রাজনীতিতে গুঞ্জন তৈরি হয়েছে।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির পরাজয়ের পর আগামী পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে কৌশলগত আলোচনা চলছে। আলমডাঙ্গা শহরের চায়ের দোকান, বাজার ও পাড়া-মহল্লার আড্ডায় ঘুরেফিরে আসছে পৌর নির্বাচন প্রসঙ্গ। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় হঠাৎ করেই উঠে এসেছে মরহুম আমিনুল ইসলাম ও এমদাদুল হক ডাবুর ছোট ভাই হাসিবুল হক লিপুর নাম। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেননি, তবুও তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন লিপু। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততার কথা উল্লেখ করছেন অনেকেই। তরুণ প্রজন্মের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে বলে স্থানীয়দের অভিমত।
এ বিষয়ে যোগাযোগ করা হলে হাসিবুল হক লিপু বলেন, আলমডাঙ্গা পৌরবাসীর ভালোবাসা ও আস্থাই আমার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় মানুষের সুখে-দুঃখে, দুর্যোগে-সংকটে পাশে থাকার চেষ্টা করেছি। আমার দল ও পৌরবাসী যদি আমাকে দায়িত্ব দেওয়ার কথা মনে করেন, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক মানের একটি পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা এখনো ভাবছি না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি প্রার্থী হলে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা আলমডাঙ্গার রাজনৈতিক অঙ্গনকে সরব করে তুলেছে।
আলমডাঙ্গা পৌর নির্বাচন ঘিরে লিপুকে নিয়ে রাজনৈতিক গুঞ্জন



