চুয়াডাঙ্গা হাসপাতাল রোড এলাকা থেকে মোটরসাইকেল চুরি, থানায় এজাহার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল রোড এলাকায় একটি স্কুলের পাশ থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মোঃ হুমায়ুন কবির চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, হুমায়ুন কবির (৩৫) আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে চুয়াডাঙ্গা শহরের ঈদগাহপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি পেশায় একজন শিক্ষক।
গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে তিনি তার ব্যবহৃত ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি কলেজপাড়ার রিজিয়া খাতুন প্রভাতি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি গলির রাস্তায় রেখে বাসায় খাবার খেতে যান। কিছুক্ষণ পর  ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি আর সেখানে নেই।
পরবর্তীতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, মুখে মাস্ক পরিহিত অজ্ঞাতনামা এক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর চুয়াডাঙ্গা-হ ১২-৮২৭১।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।