আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা প্রথম শ্রেণীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই রাস্তাটি স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর। ড্রেন থাকলেও পানি ঠিকমতো নিষ্কাশন না হয়ে উল্টো রাস্তায় উপচে পড়ছে। ফলে সড়কজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা জনভোগান্তিকে আরও বাড়িয়ে তুলছে। অনেক স্থানে কাদাপানি জমে থাকায় পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
প্রতিদিন এই পথ দিয়ে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াত করতে হয়। কিন্তু বর্তমান অবস্থায় চলাচল অত্যন্ত কষ্টসাধ্য ও বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসছে না, নাকি দেখেও না দেখার ভান করা হচ্ছে? একটি পৌরসভার ন্যূনতম দায়িত্ব হলো নাগরিকদের জন্য নিরাপদ ও চলাচলযোগ্য সড়ক নিশ্চিত করা এমনটাই মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা আলমডাঙ্গা পৌরসভার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন। তাদের প্রত্যাশা, জরুরি ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
আলমডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে চরম ভোগান্তি ড্রেনেজ সংকটে জলাবদ্ধতা, বেহাল সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল, দ্রুত সংস্কারের দাবি বাসিন্দাদের



