আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা জেলার প্রাচীনতম জনপদ আলমডাঙ্গার বুকে দাঁড়িয়ে থাকা শতবর্ষী আলমডাঙ্গা রেলস্টেশন এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্রিটিশ আমলের লাল ইটের স্থাপত্যশৈলীতে নির্মিত ঐতিহ্যবাহী ভবনটি দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে, যা যাত্রীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
১৮৬২ সালে প্রতিষ্ঠিত এই স্টেশন একসময় এ অঞ্চলের রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। কিন্তু বর্তমানে ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং বর্ষাকালে ছাদ দিয়ে পানি চুঁইয়ে পড়ে। কাঠের দরজা-জানালা ভেঙে গেছে, অনেক স্থানে ইটের গাঁথুনি আলগা হয়ে থাকায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিয়া বলেন, এই স্টেশনটি আমাদের আবেগ ও ইতিহাসের অংশ। দীর্ঘদিন সংস্কারের অভাব এবং বরাদ্দের সঠিক ব্যবহার না হওয়ায় এটি আজ ধ্বংসের মুখে। দ্রুত স্বচ্ছতার সঙ্গে আধুনিকায়ন ও সংস্কার কাজ শুরু করা জরুরি।
প্রতিদিন আশেপাশের কয়েক জেলার হাজারো যাত্রী এই স্টেশন ব্যবহার করে ঢাকা, খুলনা ও উত্তরবঙ্গসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু বর্তমান অব্যবস্থাপনার কারণে তারা জীবনের ঝুঁকি নিয়েই স্টেশনে অবস্থান করছেন। যাত্রী দুর্ভোগের চিত্রও উদ্বেগজনক। স্টেশনে বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই। পশ্চিম পাশের প্ল্যাটফর্মে আগে একটি টিউবওয়েল থাকলেও তা অযত্নে নষ্ট হয়ে গেছে। ফলে যাত্রীদের চড়া দামে বাইরে থেকে পানি কিনতে হচ্ছে অথবা দীর্ঘ সময় তৃষ্ণার্ত অবস্থায় অপেক্ষা করতে হচ্ছে।
বিশিষ্ট কবি কহন কুদ্দুস বলেন, এই লাল ইটের ভবন শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাসের জীবন্ত দলিল। ঐতিহ্য রক্ষা করেই আধুনিকায়ন করা উচিত।
স্থানীয়দের মতে, স্টেশনটি আধুনিকায়ন করা গেলে যাত্রীসেবার মান উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ভবনটির কাঠামোগত সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, আধুনিক যাত্রী বিশ্রামাগার নির্মাণ এবং পরিবেশ উন্নয়ন করা হোক। তারা মনে করেন, ধ্বংস হয়ে যাওয়ার আগেই এই ঐতিহ্যবাহী স্থাপনাটির সংরক্ষণ ও পুনরুদ্ধার জরুরি। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি স্থানীয়দের আহ্বান—ঐতিহ্য রক্ষা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে আলমডাঙ্গা রেলস্টেশন ১৮৬২ সালের ঐতিহ্যবাহী জরাজীর্ণ ভবনে যাত্রী নিরাপত্তা ও সেবা ব্যাহত, দ্রুত সংস্কারের দাবি



