স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| গত মঙ্গলবার সকাল ১০ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়|
চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের নবাগত উপ-পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক লুৎফুন নাহার| ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সভায় ট্রেইনার হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান ও কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি রুহুল আমিন বক্তব্য রাখেন| এসময় দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মিনারুল ইসলাম| এবছর চলতি মাসের ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে|
হজ প্রশিক্ষণে চুয়াডাঙ্গা জেলা থেকে মোট ২৬৮ জন নারী ও পুরুষ পবিত্র হজ পালনে সৌদি আরবে গমন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে| এরমধ্যে সরকারি ভাবে যাচ্ছেন ১৭ জন এবং বেসরকারিভাবে যাচ্ছেন ২৫১ জন | এসময় হাজীদের একটি করে হজ গাইড বই, কলম, প্যাড ও যাতায়াত সম্মানী প্রদান করা হয়েছে|
সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘সৌদি আরবে পবিত্র হজ পালনে যেসকল হাজীরা যাচ্ছেন তাঁরা প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নিয়ে যাবেন| অসুস্থবোধ করলে বাংলাদেশী হজ ক্যাম্পে যোগাযোগ করবেন| সেখানে সব সময় নুসক কার্ড ও মোয়াল্লেম কার্ড সঙ্গে রাখবেন| সৌদিতে কেউ বাংলা বুঝে না| আরবী ভাষা বুঝে| যেখানে থাকবেন সেই স্থানের ছবি তুলে রাখবেন| হজের সমস্ত কাজ সুস্থভাবে সম্পন্ন করতে পারেন এবং সুস্থভাবে বাড়ী ফিরে আসতে পারেন সেই দোয়া করি| আপনারাও আমাদের জন্য দোয়া করবেন|’
এবছর চুয়াডাঙ্গায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সৌদি আরব যাবেন ২৬৮ জন



