আটকবর প্রতিনিধি
টানা দুই দিনের কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও নাটুদহ এলাকার বিস্তীর্ণ কৃষিজমি লণ্ডভণ্ড হয়ে গেছে| এতে ধান, ভুট্টা, কলাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন|
স্থানীয় কৃষকরা জানান, ˆচত্র মাসের শুরু থেকেই এলাকায় ঝড়-বৃষ্টির প্রকোপ বেড়েছে| আকস্মিক ঝড় ও টানা দুই দিনের বৃষ্টিতে মাঠের ফসল মাটিতে লুটিয়ে পড়েছে| অনেক জমিতে পানি জমে থাকায় ফসল পচে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে| ফলে চলতি মৌসুমে ভালো ফলনের যে আশা ছিল, তা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে|
কার্পাসডাঙ্গা এলাকার কৃষক শহিদুল ইসলাম ও নাটুদহ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক আজিম উদ্দিন বলেন, এ বছর ঝড়-বৃষ্টির চাপ অনেক বেশি| পরপর দুই দিন সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি শুরু হচ্ছে| এতে মাঠের অনেক ফসল নষ্ট হয়ে গেছে| সামনে কী হবে, তা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি|
এলাকাবাসীরা জানান, প্রতিদিন এভাবে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকলে কৃষকদের দুর্ভোগ আরও বাড়বে| অনেকেই আশঙ্কা করছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে|
এদিকে ইউনিয়ন কৃষি কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ধান, ভুট্টা ও কলার ফলন ভালো হওয়ার সম্ভাবনা ছিল| কিন্তু টানা প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে| পরিস্থিতির উন্নতি না হলে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে|
কালবৈশাখীর তাণ্ডবে কার্পাসডাঙ্গা ও নাটুদহে ফসলের ব্যাপক ক্ষতি



