দৌলতদিয়াড়ে সুগন্ধা ফিলিং স্টেশনে ট্রাক্টরে তেল নেয়াকে কেন্দ্র করে উত্তেজনাপাম্পের কর্মচারীকে হামলার চেষ্টা, কৃষক আটক

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা দৌলতদিয়ারে সুগন্ধা ফিলিং স্টেশনে ট্রাক্টরে তেল নেয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তেল নিতে গিয়ে সুমন নামে এক কৃষক পাম্পকর্মীকে কাঁচি দিয়ে আঘাতের চেষ্টা করে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটকে সদর থানায় নিয়ে আসে। অভিযুক্ত কৃষক সুমন আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের সমসের আলী মন্ডলের ছেলে।
জানা গেছে, তীব্র গরমের মধ্যে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন পাম্পে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সুগন্ধা পাম্পে ট্রাক্টরে তেল নিতে গিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় আলমডাঙ্গার কয়রাডাঙ্গা এলাকার কৃষক সুমন তার জমির কাজ শেষে ট্রাক্টর নিয়ে তেল নিতে আসেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার সময় বরাদ্দ অনুযায়ী তেলের থেকে বেশী তেল দাবি করেন। এ নিয়ে পাম্পের এক কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি হাতে থাকা কাঁচি দিয়ে কর্মচারীকে আঘাতের চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে যান। এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অভিযুক্ত কৃষক সুমনের ভাই স্বপন জানান, পাম্পে ট্রাক্টরে ১ হাজার টাকার ডিজেল দেয়া হচ্ছিলো। এ সময় আমার ভাই ২ হাজার টাকার তেল চাইলে পাম্পের কর্মচারীরা খারাপ আচরণ করেন। এ নিয়ে কিছুটা উত্তেজনা দেখা দেয়। তিনি অভিযোগ করে বলেন, সুগন্ধা পাম্পে পুলিশ সদস্যরা পরিচিত মুখ দেখে তেল বেশী করে দিচ্ছে অথচ আমাদের তেল দিচ্ছে মাত্র ১ হাজার টাকার। এরকম অন্যায় চলাকালে আমার ভাই উত্তেজিত হয়ে কাঁচি উঁচু করে বলেন, সকলকে তেল বেশী পরিমাণে দেয়া হচ্ছে অথচ আমরা প্রকৃত কৃষক অল্প পরিমাণে তেল দিচ্ছে। এ কারণে পুলিশ সদস্যরা তাকে ধরে থানায় নিয়ে গেছে। মাঠে কাজ করা অবস্থায় ট্রাক্টর নিয়ে তিনি পাম্পে তেল নিতে আসেন যার কারণে কাস্তেটি ওই ট্রাক্টরেই ছিলো। তিনি মূলত কম তেল পাওয়ায় রাগন্বিত হয়ে এ কাজটি করেছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।