হামের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৩ রোগী ভর্তি

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর আগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ২ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন হাম আক্রান্ত রোগী।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাধীনদের মধ্যে রয়েছে আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ এলাকার ৮ মাস বয়সী শিশু লিয়া, একই উপজেলার ১০ মাস বয়সী শিশু জনি এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার দেউলী গ্রামের বাসিন্দা আজগর আলী (৬২)। এদিকে জেলার বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে ডায়রিয়া, ত্বকে ফোড়া এবং হাত-পায়ে ফুসকুড়ি দেখা যাওয়ার ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। এতে করে হামের সম্ভাব্য সংক্রমণ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘ প্রায় ১৮ মাস ধরে দেশে হামের টিকার সংকট থাকায় রোগটির ঝুঁকি বেড়েছে বলে তারা আশঙ্কা করছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার জানান, হামের উপসর্গ নিয়ে মোট ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত নিশ্চিতভাবে হামের সংক্রমণ বলা যাচ্ছে না।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।