সংবিধান সংশোধনের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন হবে — আইনমন্ত্রী

ঝিনাইদহ অফিস:
জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এটি গণভোটের বিষয় নয়।
তেলের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি। কেউ যদি বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশকে টিকিয়ে রাখতে খাল-নদী খনন এবং দখল উচ্ছেদের বিকল্প নেই। তিনি বলেন, “যে যত শক্তিশালী হোক না কেন, খাল, জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে।”
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।