দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে আবু হাসান অটোমোবাইলের মালিক আবু জারকে পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারায় দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান সাহেল এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী। এ সময় প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০০ লিটার অকটেন ও পেট্রোল জব্দ করা হয়।
সূত্র জানায়, জব্দকৃত জ্বালানি খুলনার একটি ডিলার পয়েন্ট থেকে সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল। পরদিন শনিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে জব্দকৃত জ্বালানি সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান সাহেল জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত জ্বালানি তেল সরকারি মূল্যে বিক্রি



