বিএসএফের ছোড়া গুলিতে জীবননগরে যুবক আহত 

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন পাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে আজাদ (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত আজাদ জীবননগর উপজেলার সদর পাড়া গ্রামের বদরুদ্দিনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো‌. মোর্শেদ জানান, ছররা গুলিতে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা বিবেচনা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, আজাদসহ ৪-৫ জন মাদক আনতে বৃহস্পতিবার সন্ধ্যায় নতুনপাড়া সীমান্তের মেইন পিলার ৬৬ নং এবং সাব পিলার ১ নং এস হতে ২৫০ মিটার ভারতের অভ্যন্তরে বানপুর গ্রামে যায়। এ সময় ধোনছে ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি আহত হন।
তবে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম তেতুল ভিন্ন তথ্য দিয়ে জানান, আজাদ বিকেলে সীমান্তসংলগ্ন মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত আজাদ অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি জানায়, লোকমুখে শুনেছি আজাদসহ ৪-৫ জন ভারতের অভ্যন্তরে মাদক আনতে গেলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আজাদ আহত হন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। 

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।