দর্শনা অফিস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনা জাকাত ফান্ডের উদ্যোগে অন্যান্য বছরের ধারাবাহিকতায় এবারও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে গত রবি ও সোমবার দর্শনা পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অর্ধশতাধিক দরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে ঈদের খাদ্যসামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
বিতরণকালে উপস্থিত ছিলেন, দর্শনা জাকাত ফান্ডের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আলমগীর আরাফাত, কোষাধ্যক্ষ মোঃ সেলিম হোসেন এবং সদস্য শাহাবুদ্দিন মুক্তিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি সাধারণ চাল, ১ কেজি পোলাও চাল, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি ও আধা কেজি সেমাই। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের বিত্তবানদের সহযোগিতায় প্রতিবছরই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে দর্শনা জাকাত ফান্ড। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।



