চুয়াডাঙ্গায় ৩১তম পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ রুহুল কবীর খানের যোগদান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ রুহুল কবীর খান যোগদান করেছে। গতকাল সোমবার অপরাহ্নে ৩১ তম পুলিশ সুপার হিসাবে চুয়াডাঙ্গায় যোগদান করেন। নবাগত এসপি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। এসময় তিনি উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসএস(অনার্স) ও এমএসএস (এমএ) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স অব পুলিশ সাইন্স (এমপিএস) ডিগ্রি অর্জন করেন। নবাগত পুলিশ সুপার ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে ২৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি পেশাগত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব সম্পাদন করে আসছেন।
পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী পুলিশ সুপার নবাগত পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
শুভেচ্ছাক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, সকল থানার অফিসার ইনচার্জগণ, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।