চুয়াডাঙ্গায় উগ্রবাদ মোকাবেলায় আইনের শাসন প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় “হেযবুত তওহীদের ধর্মীয় চরমপন্থা মোকাবেলায় ইসলামের প্রকৃত শিক্ষা ও আইনের শাসন” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদের উদ্যোগে গতকাল সোমবার দুপুর ২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। ধর্মকে ব্যবহার করে সমাজে ছড়িয়ে পড়া উগ্রবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইনজীবী, স্থানীয় সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিসহ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাইফ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান সাইফ দেশের প্রচলিত বিচারব্যবস্থার সমালোচনা করে বলেন, ব্রিটিশদের রেখে যাওয়া এই বিচারব্যবস্থা সাধারণ মানুষকে ন্যায়বিচার দিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ন্যায়বিচারের আশায় আদালত, আইনজীবী ও পুলিশের দ্বারে দ্বারে ঘুরে মানুষ আজ ক্লান্ত। এই প্রেক্ষাপটে তিনি আল্লাহর দেওয়া ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।  তনি আরও বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং সমাজে উগ্রবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে তুলে ধরা এবং রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অ্যাড.মানিক আকবর, অ্যাডভোকেট মাসুদ পারভেজ, অ্যাডভোকেট বদর উদ্দিন, অ্যাডভোকেট ইউনুস আলী, অ্যাড. ওয়াহেদুজ্জামান মুকুল, অ্যাডভোকেট মাসুদুর রহমান লিটন, অ্যাডভোকেট রেজাউল হক, অ্যাডভোকেট আবু সিহাব, হেযবুত তওহীদের চুয়াডাঙ্গা জেলা সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক রাশেদ হাসান, বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির জসেব উদ্দিন এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান। সভায় জেলার আইনজীবী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার ব্যাপারেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।