মেহেরপুর অফিস
মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেনের জানাজায় প্যারোলে মুক্তি পেয়ে অংশগ্রহণ করলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল। হাতকড়া পড়া অবস্থায় ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করায় এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। মেহেরপুর শহরের ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক প্রাঙ্গণে রাত শনিবার (১৪ মার্চ) রাত দশটায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় পরিবারের ব্যক্তিবর্গসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ এবং এলাকার সুশীল সমাজের ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জানা যায়, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল শনিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি সাবেক এমপি ছহিউদ্দিন বিশ্বাসের মেজো ছেলে এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন দোদুলের মেজো ভাই। সাবেক এই মন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
এদিকে মরহুমের ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মৃদুল মেহেরপুর জেলা কারাগারে থাকায় আবেদনের প্রেক্ষিতে প্যারোলে মুক্তি দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় হাতকড়া পড়া অবস্থায় ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত স্বজন ও স্থানীয় মানুষের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মেহেরপুর পৌর আ’লীগের সভাপতির জানাজায় প্যারোলে অংশগ্রহণ করলেন যুবলীগ নেতা মৃদুল



