স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন ড্রিলসেডে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পর বাদ মাগরিব অতিথিবৃন্দের সম্মানে ডিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাস আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি চুয়াডাঙ্গা জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে সকলের সহযোগিতা কামনা করেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও পুনাক সভানেত্রী ডা. রোকেয়া আখতারের আমন্ত্রণে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, এনএসআই এর যুগ্ন পরিচালক সামসুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সহকারী পুলিশ সুপারবৃন্দ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ; ডিআইও-১, ডিএসবি, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং চুয়াডাঙ্গা জেলার সার্বিক শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত



