৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় সেলে চুয়াডাঙ্গার সন্তান জামাইল বশীর জেবি

স্টাফ রিপোর্টার 

সরকারের নির্বাচনী অঙ্গীকার ”৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচী গ্রহণের লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে জাতীয় পর্যায়ে একটি সেল গঠন করা হয়েছে। সেই সেলের অন্যতম সদস্য জামাইল বশীর জেবি। ১১ সদস্যের সেলে কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান ও সদস্য সচিব করা হয়েছে  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন 

মন্ত্রণালয়ের সচিবকে। 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় বাংলাদেশের বিভিন্ন সেক্টর নিয়ে পরিকল্পনা শুরু করেন। জেবি ও প্রফেসর ড. মো. নূরুল ইসলাম কে নিয়ে তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা শুরু করেন।

সেলের সদস্য জামাইল বশীর জেবি জানান তিনি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. নূরুল ইসলাম দুই বছরের অধিক সময় আগে বর্তমান প্রধানমন্ত্রী (তৎকালীন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানের সাথে দেশব্যাপী বৃক্ষরোপণের পরিকল্পনা শুরু করেন। এই পরিকল্পনার বড় দিক হচ্ছে মাটির গুনগত মান, আর্দ্রতা, টেক্সার, ভূমিরুপ ও আবহাওয়া বিবেচনা করে আধুনিক প্রযুক্তি যেমন জিআইএস, রিমোট সেনসিং, এনডিভিআই ব্যবহারের মাধ্যমে অঞ্চলভেদে গাছের প্রজাতী নির্বাচন করা হবে। মাঠ পর্যায়ের সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা নিয়মিত তারেক রহমানের সাথে অনলাইনে মিটিং করতেন। পরবর্তীতে এই পরিকল্পনা টিমে যুক্ত হন ”সেইভ দ্যা সুন্দরবন”-এর চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম (বর্তমান প্রতিমন্ত্রী-বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)। ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা পরে বিএনপি’র নির্বাচনী ইশতেহারে যুক্ত হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ”বৃক্ষরোপণ” এতটাই গুরত্বপূর্ণ যে এই সরকারের আন্তঃমন্ত্রণালয় সভার প্রথম এজেন্ডা ছিলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন বিষয়ে।

মাননীয় প্রধানমন্ত্রী সামনের মে মাস থেকে বৃক্ষরোপণ শুরু করার নির্দেশনা প্রদান করেছেন। এজন্য ন্যাশনাল সেলের পাশাপাশি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। জামাইল বশীর জেবি সেই টাস্কফোর্সের অন্যতম সদস্য এবং এই প্রধান টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে দায়িত্বপালন করবেন।

জামাইল বশীর জেবি’র জন্ম ও বেড়ে ওঠা চুয়াডাঙ্গা জেলার জীবরননগর উপজেলার  কাশীপুর গ্রামের। তার পিতার নাম মো: রেজাউল হক সরকার। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। তিনি কাশীপুর মাধ্যমিক বিদ্যালয় এসএসসি ও জীবননগর ডিগ্রী কলেজ থেকে এইচএসসি’র পাঠ চুকিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঐ বিভাগেই পিএইচডি গবেষণা করছেন। জামাইল বশীর জেবি দীর্ঘদিন একুশে টেলিভিশনে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চাকরী করেছেন। এছাড়াও তিনি বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জার্মান কর্পোরেশন, জাইকা’র অর্থায়নে বিভিন্ন প্রকল্পে কলসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।