চুয়াডাঙ্গায় ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে একটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার রাতের উন্নতমানের খাবার ও পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় অবস্থিত জান্নাতুল মাওয়া এতিমখানা মাদ্রাসায় এ আয়োজন করা হয়। এ সময় মাদ্রাসার ১৬ জন এতিম ও অসহায় শিক্ষার্থীর মাঝে ইফতার, রাতের খাবার ও পোশাক বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ হাসান সৌরভ।
অনুষ্ঠানে তিনি এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন এবং তাদের সাথে খাবার গ্রহণ শেষে প্রত্যেকের হাতে পোশাক তুলে দেন। একই সঙ্গে আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাদের কাছে দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি, বিশিষ্ট ছড়া সম্রাট আহাদ আলী মোল্লা, মোহনা টিভির সাংবাদিক সাইফুল ইসলাম সাইফ জাহান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম, জান্নাতুল মাওয়া এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা জুলফিকার আলী কলি প্রমুখ।
এ সময় নাহিদ হাসান সৌরভ বলেন, আমার সাধ্যমতো এতিম ও অসহায় শিশুদের সঙ্গে ইফতার করা, তাদের সঙ্গে খাবার গ্রহণ এবং পোশাক বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করতে চাই। চুয়াডাঙ্গা পৌরবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই। জনগণের সেবক হিসেবে নিজ শহরে কাজ করতে চাই। তিনি আরও বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে চুয়াডাঙ্গা পৌরসভাকে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করতে চাই, যেখানে পৌরবাসী তাদের ন্যায্য সেবা সহজে পাবে। দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন হাফেজ ও ক্বারী তাফসির আহমেদ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।