দর্শনায় পুলিশ পরিচয়ে রেশনের তেল দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা নিয়ে উধাও

দর্শনা অফিস
দর্শনায় থানার পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে এক প্রতারক রেশনের তেল দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দর্শনা রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী দর্শনা রেলবাজারের সুবহান স্টোরের মালিক রেজা সরকার জানান, সকাল ১০টার দিকে এক ব্যক্তি তার দোকানে এসে নিজেকে দর্শনা থানার পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে রেশনের তেল বিক্রির কথা বলেন। তিনি জানান, প্রতারক ব্যক্তি দাবি করেন তার কাছে ৫ লিটারের সোয়াবিন তেলের ৮ কার্টন রয়েছে এবং তিনি তা বিক্রি করতে চান।
রেজা সরকার বলেন, আমি তাকে বলেছিলাম, আপনি তেল নিয়ে আসেন, তারপর নগদ টাকা নিয়ে যাবেন। কিন্তু তিনি বলেন, এত তেল একা আনা সম্ভব নয়। একজন ভ্যানচালক দিলে তিনি তাকে নিয়ে দর্শনা থানায় গিয়ে তেল এনে দেবেন। পরে দর্শনা চালবাজার এলাকার ভ্যানচালক শামসুলকে তার সঙ্গে পাঠানো হয়। দোকান মালিক ভ্যানচালকের হাতে ৩০ হাজার টাকা দিয়ে তাকে ওই ব্যক্তির সঙ্গে দর্শনা থানার দিকে পাঠান।
ভ্যানচালক শামসুল জানান, প্রতারক ব্যক্তি তাকে দর্শনা থানার গেটের সামনে নিয়ে গিয়ে বলেন, স্যারদের সঙ্গে কথা বলে তেল নিয়ে আসছি, টাকাটা দেন। থানার গেটের সামনে থাকায় বিষয়টি স্বাভাবিক মনে করে তিনি টাকাটি ওই ব্যক্তির হাতে তুলে দেন।
এরপর প্রতারক ব্যক্তি থানার ভেতরে ঢুকে উধাও হয়ে যায়। দীর্ঘ সময় অপেক্ষার পরও তিনি বাইরে না আসায় শামসুলের সন্দেহ হয়। পরে থানার ভেতরে খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তিনি বাজারে ফিরে এসে দোকান মালিককে বিষয়টি জানান।
ঘটনার পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, এর আগেও দর্শনা রেলবাজার এলাকায় চুরি ও প্রতারণার ঘটনা ঘটেছে। বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা। দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন বলেন, বাজার এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। ব্যবসায়ীদের আরও সতর্ক থাকতে হবে।
এ বিষয়ে দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি আমি জেনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।