আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর পশুহাটের চলমান উন্নয়ন ও নির্মাণকাজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল সোমবার বেলা ১২টার দিকে পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি, নির্মাণমাণ ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক পান্না আক্তার। তিনি নির্মাণকাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে এমপিকে অবহিত করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন পরিদর্শন শেষে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, আলমডাঙ্গা পৌর পশুহাটকে আধুনিক ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। পশুহাটের অবকাঠামো উন্নত হলে ক্রেতা-বিক্রেতারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে বেচাকেনা করতে পারবেন। এতে রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।তিনি আরও বলেন, উন্নয়নকাজে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও হাটের ইজারাদাররা নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে পশুহাটে অবকাঠামোগত সমস্যার কারণে নানা ভোগান্তি পোহাতে হয়েছে। নতুন করে উন্নয়ন কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, আলমডাঙ্গা পৌর পশুহাটে ড্রেনেজ ব্যবস্থা, শেড নির্মাণ, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা উন্নয়নের কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, কাজ সম্পন্ন হলে হাটের পরিবেশ হবে আরও পরিচ্ছন্ন ও নিরাপদ।
আলমডাঙ্গা পৌর পশুহাট নির্মাণকাজ পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল



