জীবননগর অফিস
জীবননগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। গত বুধবার বিকালে জীবননগর শহরের হাইস্কুল পাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় পুষ্পমাল্য অর্পণ করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। একই স্থানে জানাজা শেষে পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় জীবননগর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ এবং জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়ার মৃত আয়ুব আলীর বড় সন্তান। গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য তিনি জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
জীবননগরে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন



