সাজু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দামুড়হুদায় সড়ক অবরোধ করে এলাবাসীর বিক্ষোভ

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার খানপাড়া মহল্লাবাসী বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে স্বল্প সময়ের জন্য এ কর্মসূচি পালিত হয়। বিচারের দাবিতে এলাকাবাসী দামুড়হুদা চৌরাস্তার মোড়ে অবস্থান নিয়ে সড়কে বসে পড়েন। এ সময় তারা মাইকিং ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। আকস্মিক সড়ক অবরোধের কারণে কিছু সময় যানজটের সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। পুলিশের আশ্বাসে আন্দোলনকারীরা শান্ত হন এবং অবরোধ তুলে নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোবাইল ফোন ভাঙাকে কেন্দ্র করে অর্থ দাবি এবং তা নিয়ে বিরোধের জেরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। গত ২১ ফেব্রুয়ারি বিকালে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক দামুড়হুদার খা-পাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে সাজু ও রাজু নামে দুই ভাইকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসী একজনকে আটক করে গণপিটুনি দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থয় রাজু ও সাজুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সাজুর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সকালে সাজু মারা যায়।
এ ঘটনায় আহত রাজু ও সাজুর পিতা বাবুল মিয়া বাদী হয়ে গত রবিবার (২২ ফেব্রুয়ারি) দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, বাইরের লোক এসে স্থানীয়দের ওপর হামলা করেছে—এটি অত্যন্ত নিন্দনীয়। দ্রুত আসামিদের গেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি শেখ মেসবাহ্ উদ্দিন জানান, মামলার পর আসামিদের গ্রেফতার জোর তৎপরতা চালানো হচ্ছে। তারা বর্তমানে এলাকায় নেই। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।