গাংনীতে ভোক্তার অভিযানে ১৩ হাজার টাকা জরিমানা

মেহেরপুর অফিস
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় গাংনী বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, সেমাই, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন পণ্যের মূল্যতালিকা, গুণগত মান, সংরক্ষণ পদ্ধতি এবং ক্রয়-বিক্রয় ভাউচার তদারকি করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৮ অনুযায়ী মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় মো. আতিয়ার রহমানের প্রতিষ্ঠান ‘মেসার্স আতিয়ার ট্রেডার্স’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ধারা ৪৫ অনুযায়ী যথাযথ পণ্য সরবরাহ না করার দায়ে মো. বাদশা মিয়ার ‘মেসার্স বাদল ট্রেডার্স’-কে ৩ হাজার টাকা এবং মো. মহরম বাদশার ‘মেসার্স মহরম এন্টারপ্রাইজ’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আরোপিত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার প্রদান ও সংরক্ষণ, মানসম্মত পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য, ওষুধ ও বীজ বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মো. মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি দল। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।