আলমডাঙ্গা অফিস
পবিত্র মাহে রমজান শুরু হতেই আলমডাঙ্গা উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় জমে উঠেছে ইফতারির কেনাবেচা। প্রতিদিন আসরের নামাজের পর থেকেই শহরের প্রধান সড়ক ও অলিগলিতে ইফতারির পসরা সাজিয়ে বসছেন ব্যবসায়ীরা। বিশেষ করে চারতলা মোড় ও হাইরোড এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ইফতারির বাজারে ক্রেতাদের প্রধান আকর্ষণ শহরের কয়েকটি জনপ্রিয় প্রতিষ্ঠান। চারতলা মোড়ে অবস্থিত কুটুম বাড়ি এবং হাইরোডের বিসমিল্লাহ হোটেল-এ ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কুটুম বাড়ির স্পেশাল হরেক পদের মুখরোচক ইফতারি এবং বিসমিল্লাহ হোটেলের ঐতিহ্যবাহী ভাজাপোড়ার চাহিদা এবারও তুঙ্গে।
অন্যদিকে, হাইরোডে অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ ফুড গার্ডেন তার আভিজাত্য ও স্বাদের কারণে ভোজনরসিকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। ফুড গার্ডেনের স্পেশাল গ্রিল, গরম নান রুটি, শাহি হালিম ও তিলে ভাজা জিলাপির জন্য দূর-দূরান্ত থেকে ক্রেতারা ভিড় করছেন। পাশাপাশি পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ও সিঙ্গাড়ার চিরচেনা চাহিদা তো রয়েছেই।
ইফতারি কিনতে আসা নিগর সিদ্দিক ডিগ্রি কলেজ-এর প্রভাষক খাইরুল ইসলাম বলেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও পরিবারের সঙ্গে ইফতার করার আনন্দই আলাদা। হাইরোডের হোটেলগুলোর স্বাদ ও মান ভালো হওয়ায় আমরা এখান থেকেই নিয়মিত কিনি।
বাজারের সার্বিক পরিবেশ নিয়ে আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়-এর শিক্ষক শরাফত হোসেন রাসেল বলেন, এবার ইফতারির বাজারে বেশ বৈচিত্র্য দেখা যাচ্ছে। তবে খাবারের মানের পাশাপাশি পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া জরুরি। ফুড গার্ডেন, কুটুম বাড়ি, আল্লাহ দান হোটেল বা বিসমিল্লাহ হোটেলের মতো প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার যে চেষ্টা করছে, তা প্রশংসনীয়।
রেস্তোরাঁ মালিকদের দাবি, উপকরণের দাম বাড়লেও ক্রেতাদের সন্তুষ্টি নিশ্চিত করতে তারা খাবারের গুণগত মান বজায় রাখার চেষ্টা করছেন। এদিকে পবিত্র রমজানে বাজার স্থিতিশীল রাখতে ও খাদ্যের মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতার বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আলমডাঙ্গায় ইফতারির বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়



