স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩ টায় লিগ্যাল এইড কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবররণী পর্যালোচনা ও অনুমোদন, আইনগত সহায়তা প্রদানের আবেদনসমূহের ওপর অবগতি ও সিদ্ধান্ত গ্রহণ, নিয়োগকৃত আইনজীবীগণের দাখিলী বিল অনুমোদন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন, লিগ্যাল এইডের কার্যক্রম বৃদ্ধিতে শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, নতুন করে ৪৬টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি প্যানেল আইনজীবীদের দাখিল করা ২২টি বিল উত্থাপন করা হয়। উপস্থিত সদস্যদের কোনো আপত্তি না থাকায় আবেদন ও বিলগুলো অনুমোদন দেয়া হয়। এছাড়া লিগ্যাল এইডের প্যানেলে নতুন আইনজীবী অন্তর্ভুক্তির জন্য যারা আবেদন করেছেন, তাদের আবেদনও সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়। জাতীয় লিগ্যাল এইড দিবসকে সামনে রেখে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম।
এসময় তিনি বলেন, আগামী ২৮ এপ্রিল জাতীয় লিগ্যাল এইড দিবস। দিবসটি সফলভাবে উদ্যাপনের লক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন, টি-শার্ট ও ক্যাপসহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ এবং পূর্ববর্তী ডোনারদের পরবর্তী সভায় আমন্ত্রণ জানানোর বিষয়ে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তিনি জেলায় অসহায় ও দুস্থ বিচারপ্রার্থীদের মধ্যে লিগ্যাল এইডের সেবা সম্পর্কে ব্যাপক প্রচারের ওপর জোর দেন। তার ভাষ্য, অনেক বিচারপ্রার্থী এখনো জানেন না যে তারা বিনা খরচে আইনি সহায়তা পাওয়ার সুযোগ রাখেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
চিফ লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলমের উপস্থাপনায় এসময় আরোও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মীর্জা শহিদুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শামীমা ইয়াসমিন, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু, জিপি আব্দুল খালেক, বিশেষ পিপি এম.এম শাহাজান মুকুল, প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, সেক্রেটারি শাহ আলম সনি, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, ওয়েভ ফাউন্ডেশনের কানিজ সুলতানা ও শিল্প ও বণিক সমিতির পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দারসহ প্যানেল আইনজীবীরা।
চুয়াডাঙ্গায় জেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত



