শহর প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের কেয়ার অ্যান্ড কিউরের সামনে থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইজিবাইকের ব্যাটারিসহ এক যুবককে আটক করা হয়েছে। আরও দু’জন জড়িত থাকলেও তারা বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার জমির আলীর ছেলে সোবহান আলী (২৪)।
ভুক্তভোগী ইজিবাইক মালিক মিনারুল ইসলাম জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তিনি রিজার্ভ ভাড়ায় এক রোগীকে কেয়ার অ্যান্ড কিউর ক্লিনিকে নিয়ে যান। রোগীকে দেখানো হয়েছে কিনা জানতে ক্লিনিকের ভেতরে গেলে কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন তার ইজিবাইকটি আর সেখানে নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানায় অবহিত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ মিনারুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। একপর্যায়ে খবর পাওয়া যায়, মেহেরপুর জেলার বারাদি মাঠ এলাকায় রাস্তার পাশে একটি ইজিবাইক পড়ে রয়েছে। সেখানে গিয়ে মিনারুল ইসলাম তার ইজিবাইকটি শনাক্ত করেন। তবে ইজিবাইকের টুলবক্সে রাখা প্রায় ১৫ হাজার টাকা, একটি ব্রেসলেট ও ব্যাটারি তখন উদ্ধার হয়নি।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে নুরনগর কলোনিপাড়া এলাকার এক ব্যক্তি মিনারুল ইসলামকে ফোন করে জানান, তার ইজিবাইকের ব্যাটারিসহ সন্দেহভাজন চোরকে আটক রাখা হয়েছে। পরে পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। দুপুর সাড়ে ১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে সোবহান আলীকে একটি ব্যাটারিসহ আটক করে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ইজিবাইক চুরির ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত ব্যাটারি থানায় হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।
চুয়াডাঙ্গায় চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, ব্যাটারিসহ যুবক আটক



