এমপি মাসুদ পারভেজ রাসেলের তদারকিতে আলমডাঙ্গা পৌরসভায় রেকর্ড দর সিন্ডিকেটমুক্ত উন্মুক্ত ইজারায় ৭ কোটি ৫৪ লাখ টাকার ডাক

আলমডাঙ্গা অফিস
দীর্ঘদিনের সিন্ডিকেট ও নামমাত্র দরে ইজারার অভিযোগ ভেঙে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ইজারা কার্যক্রম সম্পন্ন করেছে আলমডাঙ্গা পৌরসভা। চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল এর নির্দেশনা ও তদারকিতে আয়োজিত এ উন্মুক্ত ডাকে রেকর্ড ৭ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫ টাকা, যা পৌরসভার ইতিহাসে উল্লেখযোগ্য রাজস্ব অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।  গতকাল মঙ্গলবার বেলা দুইটা থেকে পৌর কার্যালয়ে গোপন ব্যালট পেপারের মাধ্যমে ডাক গ্রহণ করা হয়। স্থানীয় ও বাইরের বহু আগ্রহী ইজারাদার এতে অংশ নেন। প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত এ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর তদারকি ছিল চোখে পড়ার মতো। সর্বোচ্চ দরপ্রাপ্ত খাতগুলোর মধ্যে রয়েছে—পৌর পশুহাট, মোটরসাইকেল হাট, তহবাজার, ছাগলের হাট, পানহাট, সাইকেল হাট, অটো ও সিএনজি স্ট্যান্ড, বাস টার্মিনাল (গণশৌচাগারসহ), জবেহখানা এবং তাঁতীসেড গণশৌচাগার। এছাড়া রেলস্টেশন, সাব-রেজিস্ট্রি অফিস, মাছবাজার (নতুন) ও অন্যান্য খাতও উন্মুক্ত ডাকে ইজারা সম্পন্ন হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পর স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশে ইজারা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। পৌর কর্তৃপক্ষ আশা করছে, রাজস্ব বৃদ্ধির ফলে উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবা আরও গতিশীল হবে।
ইজারা কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পান্না আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলমডাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দায়িত্ব পালন করে। গোপন ব্যালট পদ্ধতিতে ডাক গ্রহণ করায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। পৌর কর্তৃপক্ষ আশা করছে, রাজস্ব আয় বৃদ্ধির ফলে উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো সংস্কার এবং নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে। এলাকাবাসীর প্রত্যাশা—স্বচ্ছ ও জবাবদিহিমূলক এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।