জীবননগর অফিস
রোজায় জীবননগরে বেড়েছে আখের রসের কদর। শহরের মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে আখের রস। এবারের রোজায় ইফতারে বাড়তি যোগ হয়েছে আখের মিষ্টি রস।
এ বছর রোজা শুরু হয়েছে বাংলা ফাল্গুন মাসে। এ মাসের বৈশিষ্ট না শীত না গরম। এমন আবহাওয়ায় রোজাদারদের জন্য অত্যন্ত অনুকুল। রোজাদারেরা কোন রকম কষ্ট ছাড়াই স্বাচ্ছেন্দে রোজা রাখতে পারছেন। সমস্যা হচ্ছে একটা জাগায় রোজাদারেরা পর্যাপ্ত পানি পান করতে পারছেন না। একমাত্র পানিই শরীরকে সতেজ রাখে। শহরের এমনকি গ্রামের মানুষও পানির বিকল্প শরবত হিসেবে আখের রসকে বেছে নিয়েছেন। শহরের মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে সুমিষ্ট আখের রস। বিকাল থেকে ইফতারের আগ পর্যন্ত আখের রসের কলের কাছে থাকে ক্রেতাদের ভীড়। প্রতি গ্লাস আখের রস বিক্রি হচ্ছে ২০ টাকা দরে।
কথা হয় আখের রস বিক্রেতা উপজেলার বাঁকা গ্রামের জাকির হোসেনের সাথে। তিনি জানান, রসের কল প্রস্তুত করতে একটি পাখি ভ্যান, রসের কলসহ সব মিলিয়ে খরচ হয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকা। রোজার মাসে প্রতিদিন গড়ে ৪ হাজার টাকার রস বিক্রি হয়। তিনি এলাকার আখ দিয়ে রস বিক্রি করেন না। বিশেষ আখ কিনে আনেন মাদারীপুর থেকে। এ আখের রস যেন বেশি আবার সুস্বাদু মিষ্টি। সংসারে এক ছেলে এক মেয়ে আর স্বামী স্ত্রী। মেয়ের বিয়ে হয়েছে। আখের রস বিক্রি করে সংসারে স্বচ্ছল। তিনি বলেন, আখের রসের এ মেশিন করার পর এখন আর কাজের চিন্তা করতে হয় না। যে আয় হয় তাতে আমার সংসারে স্বচ্ছলতা এসেছে।
আখের রস কিনতে আসা রাসেল হোসেন ও মোহাম্মদ আলী বলেন, এবারের রোজায় পানি খাওয়া যাচ্ছে না। শরীরে সমস্যা হচ্ছে। সে জন্য আমরা প্রতিদিন ইফতারে আখের রস রাখি। বাড়ির সকলেই আমরা ইফতারে আখের রস খেয়ে থাকি।
রোজায় জীবননগরে বেড়েছে আখের রসের কদর



