গাংনী প্রতিনিধি (মেহেরপুর)
মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পোড়াপাড়া নামক স্থানটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের দুই পাশে অবস্থিত দু’টি ইটভাটায় ব্যবহৃত মাটি বহনকারী গাড়ি থেকে মাটি পড়ে থাকায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী যান ও পণ্য পরিবহনকারী যানবাহনের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাটার মাটি রাস্তার ওপর পড়ে থাকলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৃষ্টির সময় রাস্তাটি কাদায় পরিণত হয় এবং শুকনো সময় ধুলাবালিতে পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়ে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছে। ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অবিলম্বে ভাটার মাটি অপসারণ ও সড়ক সংস্কারের দাবি জানিয়ে বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে চলাচল আরও বিপজ্জনক হয়ে উঠবে।
মেহেরপুর-কুষ্টিয়ার সংযোগের গুরুত্বপূর্ণ এই সড়কটি স্বাভাবিক ও নিরাপদ চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসি।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, আমি রাস্তায় কাঁদা মাটি পড়া দেখেছি। খুব দ্রুতই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ইটভাটার মাটিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক যেনো মরণ ফাঁদ



