আসমানখালী বাজারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হাটবোয়ালিয়া প্রতিনিধি
মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। গতকাল রবিবার বেলা ১২টার সময় জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম। বাজার পরিদর্শনের সময় বাজারের বিভিন্ন ফল ও মুদি দোকান তদারকি করে পণ্যের মান, মূল্যতালিকা ও মেয়াদ যাচাই করা হয়। অভিযান চলা কালে পঁচা খেজুর বিক্রির দায়ে মেসার্স মিলন ফল ভান্ডারকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিক্রির জন্য রাখা পঁচা খেজুর জব্দ করা হয়।
এছাড়াও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে মেসার্স রিমি ভ্যারাইটিজ স্টোরের মালিক লাল্টু’কে ৩ হাজার ৫ পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে মূল্য তালিকা না থাকায় মিজান স্টোরের মালিক মিজান’কে ১ হাজার ৫ পাঁচশত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব জরিমানা আদায় করা হয়। প্রশাসন “দৈনিক আজকের চুয়াডাঙ্গা” পত্রিকার হাটবোয়ালিয়া প্রতিনিধি’কে জানিয়েছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে এবং জনস্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, নিয়মিত নজরদারি থাকলে বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ ক্রেতারা নিরাপদ ও ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।