স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার বেগনগরে জামায়াতের আয়োজনে নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেলকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। পরে এমপির সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার বেগনগর বিলাল কিন্ডারগার্টেন স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ গোলাম রসুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, মাহে রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসে ব্যক্তি ও সমাজকে শুদ্ধ করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তিনি সকল ভোটার ও নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতায় চুয়াডাঙ্গা-১ আসনকে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক একটি আদর্শ আসনে পরিণত করা হবে। আগামী পাঁচ বছর সাধারণ মানুষের পাশে থেকে জেলার উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং যেকোনো ধরনের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চাঁদাবাজমুক্ত রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করবে। কেউ অবৈধভাবে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে জানাতে, ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। সরকারি অফিস-আদালতে দুর্নীতি ও হয়রানি বরদাস্ত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জামায়াতের জেলা ইউনিট সদস্য মোঃ আব্দুর রউফ, এবি পার্টির জেলা সভাপতি মোঃ আলমগীর হোসাইন, সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদের মল্লিক, সহকারী সেক্রেটারি মোঃ শাহেনউজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা ছানোয়ার হোসাইন, অফিস সম্পাদক মোঃ আশির উদ্দীন, আইটি ও প্রচার সম্পাদক মোঃ মামুন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আলিনুর বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়নের আমীরবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদর উপজেলার সভাপতি মুন্না আহমেদ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল



