চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভায়

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. আলমগীর কবীর।

সভায় আসন্ন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সুষ্ঠু, সুন্দর ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ১৪ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হবে। ১৪ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে সুবিধাজনক সময়ে শিশুদের সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনী করা হবে। এ সময় মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামে সকাল সাড়ে ৮ টায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ভবনগুলোতে আলোকসজ্জা করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা উপজেলাগুলোতে বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হবে। সন্ধ্যায় জেলা উপজেলাসহ বিভিন্ন সিনেমা হলগুলোতে বিনা টিকিটে মুক্তিযুদ্ধের সিনেমা দেখানো হবে। এদিন জেলার সকল ধর্মীয় উপাসনালয় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দিবস দুটি যথাযথ মর্যাদায় উদযাপনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নবাগত জেলা প্রশাসক আলমগীর কবীর বলেন, চুয়াডাঙ্গাতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস পালিত হবে। দিবস দুটি শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে আপনাদের সকলের সহায়তা প্রয়োজন। আমরা ধর্মবর্ণ জাতিভেদ নির্বিশেষে সকলে মিলে দিবস দুটি পালন করবো। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক তৎপরতা গ্রহণ করা হবে। সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিজিবি সকলেই সক্রিয় ভূমিকায় থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।