হাজরাহাটি তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি অভিযোগ উঠেছে। সম্প্রতি চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর বরাবর বিদ্যালয়টির নানা অনিয়ম নিয়ে লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে তিনি গত ৪ নভেম্বর আকস্মিক বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মো. আনিসুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৯ নভেম্বর তদন্ত কমিটি সরেজমিনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত পরিচালনা করেন এবং সকল শিক্ষক-কর্মচারীর লিখিত মতামত গ্রহণ করেন।

তদন্তে উঠে আসা অভিযোগে রয়েছে, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান নিয়ম বহির্ভূতভাবে নিজের পরিবারের আরও তিন সদস্যকে বিদ্যালয়ের বিভিন্ন পদে (আইসিটি শিক্ষক, সামাজিক বিজ্ঞান শিক্ষক ও নৈশপ্রহরী) নিয়োগ দেখিয়েছেন। বাস্তবে তারা বিদ্যালয়ে কর্মরত না থাকলেও দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য দেখানো হয়নি, ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। এনটিআরসিএ থেকে কোন শিক্ষকও সেই সকল পদে আসতে পারছেন না। বিদ্যালয়ের নামে ক্রয়কৃত জমির একটি বড় অংশ প্রধান শিক্ষকের প্রথম স্ত্রীর নামে দালিলিকভাবে লিখে দেওয়ার মতো গুরুতর অভিযোগও আছে। এতদিন এ বিষয়টি এলাকাবাসী,  শিক্ষক ও পরিচালনা পরিষদের নিকটে অজানা ছিল।

তদন্ত সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক সাইদুর রহমান বিদ্যালয়ের আয়া স্বপ্না খাতুনের কাছ থেকে কোন অজানা সুবিধা গ্রহণের বিনিময়ে তাকে দীর্ঘদিন অনুপস্থিত থাকার সুযোগ দিয়েছেন। পরবর্তীতে তড়ি-ঘড়ি করে বহির্ভূতভাবে বেশ কয়েক মাসের সাক্ষরও করিয়ে নেন ওই কর্মচারীর। চলতি বছরের গত ২৬ জুলাই জেলা শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান বিদ্যালয়টিতে  পরিদর্শনে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর  চেক করেন এবং  পরিদর্শক হিসেবে স্বাক্ষর করেন। এখানে ওই প্রতিষ্ঠানের আয়া স্বপ্না খাতুনের স্বাক্ষরের ঘরে ৯ মাস অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত হন ওই শিক্ষা কর্মকর্তা  এবং  স্বাক্ষর করে আসেন।  কিন্তু তদন্ত কমিটির আহবায়ক হয়ে  গত ১১ নভেম্বর হাজরাহাটি তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন অভিযোগের  তদন্তে গিয়ে দেখেন স্বপ্না খাতুনের ঘরে বিধি বহির্ভূতভাবে ৪ মাসের স্বাক্ষর করা আছে। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসারের রেসটেকক্টিং  সাক্ষরকে উপেক্ষা করে আয়া স্বপ্না খাতুনের স্বাক্ষর করানো হয়।  নিয়ম বহির্ভূতভাবে   স্বাক্ষর করার  বিষয়টি হাতেনাতে ধরা পড়লে প্রধান শিক্ষক ও অভিযুক্ত আয়া অকপটে নিজেদের দোষ স্বীকার করেন। শ্রেণিকক্ষ ও কাঙ্ক্ষিত শিক্ষার্থী না থাকা সত্ত্বেও বিধিবহির্ভূতভাবে  শাখা খুলে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে । শাখা শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্তদের মধ্যে  রয়েছেন মাসুদা পারভীন রেশমা, নাজমুননাহার ময়না ও মোমিনুজ্জামান নান্নু ।

এমন অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন যখন প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়নি, সেই সময় আমার বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ছিল। এক ক্লাসে ৮০ জনেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তখন আমি বিদ্যালয়ে শাখা খুলেছি। নিজ পরিবারের একাধিক সদস্যকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগের বিষয়টি অস্বীকার করেন। তবে নৈশ্য প্রহরী হিসেবে প্রতিষ্ঠানে  তার একজন সহোদর নিয়োগপ্রাপ্ত আছে বলে নিশ্চিত করেন। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার ও তদন্ত কমিটির আহ্বায়ক মো. আনিসুর রহমান বলেন “অধিকতর তদন্তের স্বার্থে সব তথ্য এখনই জনসম্মুখে আনা যাচ্ছে না। তবে বিদ্যালয়টিতে ব্যাপক অনিয়ম, প্রতিষ্ঠানের  বিভিন্ন খাতের আয় – ব্যয়ের হিসাবের গড়মিলের ঘটনা ঘটেছে, যা একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা তদন্ত প্রতিবেদনটি বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির কাছে পাঠিয়েছি।  এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি আশাবুল হক বিশ্বাস বলেন, “জেলা শিক্ষা অফিসের তদন্ত প্রতিবেদনের আলোকে খুব শীঘ্রই এডহক কমিটির সভা ডাকা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।