বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নে আাড়াই মাসে ৫৫ কোটি টাকার সোনা ও অস্ত্রসহ চোরাচালানি মালামাল জব্দ, ৮৯ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার

দক্ষিণ-পশ্চিম রিজিয়নে গত আড়াই মাসে বিজিবির অভিযানে ৫৫ কোটি টাকার সোনা ও অস্ত্রসহ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একইসাথে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৮৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

দক্ষিণ-পশ্চিম রিজিয়নে যশোরের আওতাধীন ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারে নিয়মিত আভিযান পরিচালনা করা হচ্ছে। রিজিয়নের অধীনে কুষ্টিয়া ও খুলনা দুটি সেক্টরের আওতায় ৭টি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। এসব টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত অপরাধ দমন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গত  ১ সেপ্টেম্বর হতে ১৬ নভেম্বর রিজিয়নের অধীনে পরিচালিত বিভিন্ন আভিযানে ৮৯ জন আসামিসহ ৫৫ কোটি ৯ লাক টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে ৯ কেজি স্বর্ণ, ৫টি বিভিন্ন প্রকারের অস্ত্র ও ৬ রাউন্ড গুলি রয়েছে।

এছাড়া মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ১০০ বোতল মদ, ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল, ৭ কেজি ক্রিস্টাল মেথ, ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ লাখ ৪২ হাজার ২২৮ পিস অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেটসহ প্রায় ৩৩ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।  সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। সীমান্ত অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা বদ্ধপরিকর।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।