স্বাক্ষর জাল করে প্রত্যয়নপত্র তৈরি ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা মেসবাহ উল হকের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ডা. আসহাব উল হকের স্বাক্ষর জাল করে ১৯৮৪ সালের ৫ জুন তারিখে একটি প্রত্যয়নপত্র তৈরি ও প্রচারের অভিযোগ তুলেছেন তার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উল হক। তার দাবি, পেশাদার রাবার স্ট্যাম্প নির্মাতা হিসেবে পরিচিত প্রয়াত নিত্যানন্দ সাহা (এন এন সাহা) সম্পর্কে প্রচারিত ওই প্রত্যয়নপত্রটি একটি জাল দলিল। এতে সংযুক্ত অধিকাংশ তথ্যও অসত্য, ভিত্তিহীন ও ইতিহাস বিকৃতির শামিল। এ ধরনের দলিলের ভিত্তিতে কোনো প্রচার বা সুবিধা নেওয়ার চেষ্টা থেকেও সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ ও নিজের অবস্থান তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উল হক। বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উল হক চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিপাড়ার বাসিন্দা।

লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তাঁর পিতা প্রয়াত ডা. আসহাব উল হক মুক্তিযুদ্ধের প্রাক্কালে চুয়াডাঙ্গার নির্বাচিত জনপ্রতিনিধি (এমপিএ) ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক। ১৯৭১ সালের ২৬ মার্চ সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা বড়বাজার মোড়ে আয়োজিত জনসভায় স্থানীয় জনগণের পক্ষে তিনি প্রতিরোধযুদ্ধের ডাক দেন। ওই দিন চুয়াডাঙ্গায় গঠিত বাংলাদেশ সশস্ত্রবাহিনীর দক্ষিণ-পশ্চিম কমান্ডের প্রধান উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি। এর দুই দিন পর তার নেতৃত্বে চুয়াডাঙ্গায় বাংলাদেশ রেডক্রস সোসাইটি গঠিত হয় এবং তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হন।

মেসবাহ উল হকের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি প্রয়াত এন এন সাহার মুক্তিযুদ্ধে অবদান প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাঁর পিতার স্বাক্ষরযুক্ত ১৯৮৪ সালের ৫ জুন তারিখের একটি প্রত্যয়নপত্রের ফটোকপি বিভিন্ন সূত্রে তাঁর নজরে আসে। তিনি জানতে পারেন, এন এন সাহার পরিবারের পক্ষ থেকে ওই প্রত্যয়নপত্রটি বিভিন্ন গণমাধ্যমেও প্রচার করা হয়েছে।

তার দাবি, প্রত্যয়নপত্রটির প্রত্যক্ষ সুবিধাভোগী হিসেবে প্রয়াত এন এন সাহার পরিবারের সদস্যরা রয়েছেন। তাদের মধ্যে আছেন তার তিন ছেলে চিত্তরঞ্জন সাহা চিতু, সন্তোষ কুমার সাহা ও রতন লাল সাহা এবং মেয়ে মিনা রানী দাসসহ তাদের পরিবার। প্রত্যয়নপত্রটির তারিখ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মৃত্যুর সময়ের বিষয়টি তুলে ধরে মেসবাহ উল হক বলেন, দলিলটিতে ১৯৮৪ সালের ৫ জুন তারিখ উল্লেখ থাকলেও এন এন সাহা মারা যান ২০০২ সালে এবং তাঁর পিতা ডা. আসহাব উল হক পরলোকগমন করেন ২০১০ সালে। অথচ তার পিতার জীবদ্দশায় এ প্রত্যয়নপত্রটি দেখার কোনো সুযোগ হয়নি বলে দাবি করেন তিনি। তার মতে দলিলটিতে ১৯৮৪ সালের তারিখ থাকলেও এটি প্রকৃতপক্ষে অনেক পরে তৈরি ও প্রকাশ করা হয়েছে। বিশেষ করে তার পিতার মৃত্যুর পরই এর প্রকাশ ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে মেসবাহ উল হক দাবি করেন, ওই প্রত্যয়নপত্রে তার পিতার নামে যে স্বাক্ষর দেখানো হয়েছে, সেটি ডা. আসহাব উল হকের প্রকৃত স্বাক্ষর নয়। তার অভিযোগ, স্বাক্ষরটি জাল এবং প্রত্যয়নপত্রটি পরিকল্পিতভাবে তৈরি করা একটি জাল দলিল। প্রত্যয়নপত্রে স্বাক্ষরকারীর পরিচয় ও নাম ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া একাধিক ভুল তথ্যসহ অন্তত ১০টি অসংগতি তাঁর নজরে এসেছে, যা দলিলটির সত্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে। তবে তাঁর মতে, এটির জাল হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হলো তার পিতার স্বাক্ষর জালিয়াতি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রত্যয়নপত্রটি জাল ও অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে তার দাবি। তাই এটি ব্যবহার করে প্রয়াত এন এন সাহা কিংবা অন্য কারও পক্ষে কোনো ধরনের প্রচার চালানো বা সুবিধা অর্জনের চেষ্টা জালিয়াতি এবং সেই জালিয়াতির সঙ্গে যোগসাজশ হিসেবে গণ্য হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, নুরুল ইসলাম মালিক, পরিবারের সদস্য অ্যাড. কাইজার জোয়ার্দ্দার, আশরাফুল হক তপু ও আসিফা আসফ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।