স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
সভায় চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ, জনবান্ধব পুলিশিং এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সুধী সমাজের প্রতিনিধিরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ রেজাউল করিম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, জেলা পুলিশের মূল লক্ষ্য হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবাপ্রত্যাশী মানুষের জন্য একটি জনবান্ধব, পেশাদার ও দায়িত্বশীল পুলিশি ব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে সুধী সমাজসহ জেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন তিনি। সভায় উপস্থিত সুধী সমাজের প্রতিনিধিরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন, ডা. মার্টিন হিরোক চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মনজুরুল আলম মালিক লার্জ প্রমুখ।



