আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস এ আলোচনা সভা ও সচেতনতামূলক র‌্যালি

খন্দকার শাহ আলম মন্টু: আলমডাঙ্গা,
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক র‌্যালির আয়োজন করে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি। গতকাল শনিবার আলমডাঙ্গা হাইরোড এলাকায় অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণত সম্পাদক ডা মো আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আতিয়ার রহমান মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরিফিন মিয়া মিলন, আলমডাঙ্গা উন্নয়ন কমিটির সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. আদনীন নাহার মৌনালী, স্থানীয় সিনিয়র সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।


প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রোগ থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং নিয়ন্ত্রিত জীবনযাপন প্রয়োজন। ডায়াবেটিসকে অবহেলা না করে প্রাথমিক পর্যায় থেকেই সচেতন হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আলমডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।