জীবননগর প্রতিনিধি:
জীবননগরে আকলিমা প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন ও আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, জীবননগরের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজসেবক মোঃ তারিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোছাঃ রাজিয়া খাতুন। উপস্থিত ছিলেন পিটি শিক্ষক আব্দুর রশিদ, গণিত শিক্ষক মোঃ আবু সুফিয়ান, সালমা খাতুন, মারুফা আক্তার, তানিয়া খানম, তাজমা খাতুন, নাসরিন আক্তার, শাহানাজ খাতুনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোছাঃ রাজিয়া খাতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের সুশিক্ষা, নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি আরও বলেন, আকলিমা প্রি-ক্যাডেট স্কুল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও সাফল্য আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি তাদের শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের জন্যও গৌরবের বিষয়। এই সাফল্য আগামী দিনে অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে অধ্যক্ষ মোছাঃ রাজিয়া খাতুনের নেতৃত্ব, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি ২০২৬ সালের পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দ, আবেগ ও স্মৃতিচারণের এক হৃদয়স্পর্শী মুহূর্তের সৃষ্টি হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোস্তাফিজুর রহমান। আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোছাঃ রাজিয়া খাতুনের সার্বিক তত্ত্বাবধান ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।



