সীমান্তের নিরাপত্তা ও তথ্য প্রদানে সাংবাদিকদের সহযোগিতা কামনা কুষ্টিয়া বিজিবি সেক্টর কমান্ডারের

স্টাফ রিপোর্টার :
সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তসংক্রান্ত সঠিক তথ্য আদান-প্রদানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। দেশের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ন রাখতে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে বিজিবির সম্মেলনকেন্দ্রে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আয়োজিত এ সভায় সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, চোরাচালান প্রতিরোধ, মাদক ও স্বর্ণ পাচার, সীমান্তের বিভিন্ন জটিলতা এবং সাংবাদিকদের সঙ্গে বিজিবির পারস্পরিক তথ্য আদান-প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন সীমান্তের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সীমান্তে কোনো ঘটনা বা অপরাধের তথ্য পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে দায়িত্বশীলভাবে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য বিজিবিকে জানানোর বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কোনো দলীয় সংগঠনের নেতাকর্মী কিংবা কোনো দুষ্কৃতকারী যেন সীমান্ত গলিয়ে ভারতে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও বিজিবি সতর্ক রয়েছে।

সীমান্তবর্তী এলাকার মানুষকে চোরাচালান ও অবৈধ পারাপার থেকে দূরে রাখতে এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের সভাপতিত্বে সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদসহ বিজিবি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা সীমান্তের বিভিন্ন সমস্যা, চোরাচালান, স্বর্ণ পাচার, মাদক প্রবেশসহ সীমান্তকেন্দ্রিক নানা জটিলতা তুলে ধরেন। এসব বিষয়ে বিজিবির সঙ্গে সাংবাদিকদের নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময়ের পরিবেশ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়

এ সময় বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক এম এ মামুন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।