চুয়াডাঙ্গা ইম্প্যাক্ট হাসপাতালে মরহুমা রিজিয়া খাতুনের স্মরণে ক্যানসার রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় মরহুমা মোছাঃ রিজিয়া খাতুনের স্মরণে ক্যানসার আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের জন্য দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ​গত ১২ ও ১৩ নভেম্বর দুই দিনব্যাপী কেদারগঞ্জ বাজারে ইস্প্যাক্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ উদ্যোগের আয়োজন করা হয়।

​ক্যাম্পে প্রধান বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের সেবা প্রদান করেন বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ ও অনকোলজিস্ট সহযোগী অধ্যাপক ডা. ইসলাম উদ্দিন চৌধুরী। তিনি বর্তমানে আহছানিয়া মিশন ক্যানসার এন্ড জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও হেড অব অনকোলজি হিসেবে দায়িত্ব পালন করছেন।

​আয়োজক সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এ ক্যাম্পে চুয়াডাঙ্গা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা ক্যানসার রোগী এবং ক্যানসার উপসর্গে ভোগা সন্দেহভাজন রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পান। প্রান্তিক ও অসচ্ছল ক্যানসার রোগীদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসাসেবা পেয়ে রোগীরা এবং তাদের স্বজনেরা গভীর সন্তোষ প্রকাশ করেন।

​স্থানীয় সচেতনমহল ও সুধীসমাজ ইস্প্যাক্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে সাধারণ ক্যানসার রোগীরা অনেক উপকৃত হবেন।

​ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজক কর্তৃপক্ষ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।