স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)-এর চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)-এর সাবেক সভাপতি গৌতম শীল, বাংলাদেশ জাসদের চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শরিফ উদ্দিন, জীবননগর উপজেলা জাসদের সভাপতি আব্দুল রশীদ, জেলা কমিটির দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মন্টু, সামসুল আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হক প্রধান বলেন, এই দেশ আমরা স্বাধীন করেছি, কোনো স্বৈরাচারের হাতে তুলে দেওয়ার জন্য নয়। আজ যারা আওয়ামী লীগকে মুছে ফেলার নামে মুক্তিযোদ্ধাদের ওপর মব সৃষ্টি করেছে, তাদের কখনো ছেড়ে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সরকারের প্রতি আহ্বান জানাই, প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ ও মানুষের কল্যাণে কাজ করলে দেশের মানুষ উপকৃত হবে। রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা জরুরি।
দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি জাসদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, গ্যাস, সার, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
কাউন্সিলের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীদের কাছে ।
অনুষ্ঠান শেষে গোপন ভোটের মাধ্যমে পাঁচজন নির্বাচিত করে আহ্বায়ক কমিটি গঠন করে। আহ্বায়ক কমিটি পাঁচ সদস্যোর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে, সভাপতি পদে শহিদুল্লাহ বেবী ও সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম, সদস্য আব্দুর রশিদ, জামাল উদ্দীন ও ইসমাইল হোসেন।



