হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক, সিলেটে হাসপাতালে ভর্তি

আজকের চুয়াডাঙ্গা ডেস্ক

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজ সংসদীয় এলাকা পরিদর্শনকালে শুক্রবার (৬ নভেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রী তার নির্বাচনী এলাকার কোম্পানিগঞ্জ উপজেলায় আজ সকাল থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে শিগগিরই মন্ত্রীকে নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে বিশেষজ্ঞ একটা চিকিৎসক টিমের চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে তাকে দেখতে তাৎক্ষণিক মাউন্ট এডোরা হাসপাতালে ছুটে যান সিলেটে অবস্থানরত শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরীসহ অন্যরা। এ সময় নেতারা অসুস্থ মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ও মৌলভীবাজারে দুই দিনের (শুক্রবার ও শনিবার) সফরে বৃহস্পতিবার রাতে সিলেট আসেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।