মেহেরপুর অফিস
মেহেরপুরের নাজিরাকোনা সীমান্ত থেকে ৭ কোটি ৩৫ লাখ টাকার ৩২ টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ৬ বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে সোনা পাচারের সময় তাদের আটক করা হয়। রবিবার (১ নভেম্বর) দুপুরে নাজিরাকোনা ক্যাম্প সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আবু বক্কর এর ছেলে আসাদুল ইসলাম (৫০) ও একই গ্রামের মাদারের ছেলে জুয়েল হোসেন (৩০)।
বিজিবির সূত্রে জানা যায়, রবিবার বেলা একটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১১০ এর কাছে দু’জন ব্যক্তি স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাজিরাকোনা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শামীমুর রহমান। কৌশলগত অবস্থানে থেকে নজরদারির সময় দুই জনকে সীমান্ত মুখে যেতে দেখলে তাদের থামতে বলা হয়। এ সময় ব্যাগ ফেলে পালিয়ে যাবার সময় তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা। ব্যাগের ভিতর থেকে ৩২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার আনুমানিক ওজন প্রায় ৪ কেজি। এবং বাজর মূল্য পায় ৭ কোটি ৩৫ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা এবং উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানিয়েছেন ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।



