জীবননগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

জীবননগর অফিস :
হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনে চুয়াডাঙ্গার জীবননগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন হয়েছে।
সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে এবং জনসাধারণের উদ্বুদ্ধ করতে জীবননগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে এই দিবসটি পালন হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জীবননগর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা চত্বরে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি হাতে কলমে দেখানো হয়। এবং নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব ও উপকারিতা তুলে ধরা হয়।
পরে জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। এসময় তিনি বলেন, শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সঠিক পদ্ধতিতে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম করার সময় হাতে লেগে থাকা জীবানু মুখ, চোখ, নাকসহ বিভিন্ন মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করে। এর ফলে ডায়রিয়া সহ মারাত্মক রোগ সৃষ্টি করে। এসকল রোগের জীবাণু প্রতিরোধে পরিষ্কার পানি ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। বিশেষ করে খাওয়ার আগে ও পরে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাহমিদা আক্তার রুনা, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা শামছুল আফরিন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সমবায় কর্মকর্তা নুর আলম প্রমূখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।