স্টাফ রিপোর্টার
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে শহরের বড় বাজার হাসান চত্বরে রোড শো ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ট্রাফিক আইন মেনে চলা ও সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। রোড শোতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার অংশগ্রহণ করেন এবং সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এদিকে রোড শো শেষে বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি) লিটন বিশ্বাসের সঞ্চায়লনায় সভার প্রধান অতিথি জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এ ক্ষেত্রে চালক, যাত্রী, পথচারীসহ সমাজের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। চালকদের ট্রাফিক আইন মেনে চলতে হবে, নির্ধারিত গতিসীমা অনুসরণ করতে হবে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি যাত্রী ও পথচারীদেরও সড়ক পারাপারে সতর্ক থাকতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে।’ ‘সড়ক দুর্ঘটনায় অনেক মূল্যবান প্রাণ ঝরে যায়, অনেক পরিবার বিপর্যয়ের মুখে পড়ে। তাই দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, চালকদের প্রশিক্ষণ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা জরুরী। জাতীয় নিরাপদ সড়ক দিবসে আমাদের অঙ্গীকার হোক আইন মেনে চলব, সচেতনভাবে সড়ক ব্যবহার করব এবং সবার জন্য নিরাপদ সড়ক গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করব।’
সভায় আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মুক্তা, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর, ট্রাফিক পুলিশের পরিদর্শক (এডমিন) আমিরুল ইসলাম প্রমুখ। সভার শেষে চুয়াডাঙ্গা সড়কে সেরা চার বাস চালকের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

মেহেরপুর অফিস জানায়,
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতারা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

আলোচনা সভায় বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান, মেহেরপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক আলমগীর হোসেন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নওরীন ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এসময় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সচেতনতা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।



