চুয়াডাঙ্গা শহরে অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরে পৃথক অভিযান চালিয়ে ১৪ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী চুয়াডাঙ্গা সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার বাগানপাড়ার মৃত আলমের ছেলে মো. সেলিম (৪৬), নুরনগর কলোনিপাড়ার মৃত নাজিমুদ্দিন শেখের ছেলে মো. হাইবার আলী (৪৪) এবং দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার মৃত আলী হোসেনের ছেলে মো. জাহিদ (৩০)।
অভিযানে সেলিমের কাছ থেকে ৬ গ্রাম, হাইবার আলীর কাছ থেকে ৫ গ্রাম এবং জাহিদের কাছ থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁদের কাছ থেকে ১৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সেলিমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, হাইবার আলীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং জাহিদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।