নিখোঁজের ৫ দিন পর জীবননগর শাহাপুর গ্রামের বাগান থেকে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার মোটিভ উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে

জীবননগর অফিস
নিখোঁজের ৫ দিন পর জীবননগর উপজেলার শাহাপুর গ্রামের একটি বাগান থেকে চান মিয়া ওরফে চন্দালি (৫৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৭টার দিকে আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের মাঠের বাগান থেকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত চান মিয়া ওরফে চন্দালি জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চান মিয়া পাখি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার ভাড়া মারার উদ্দেশ্যে পাখি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন চান মিয়া। তার পর আর সে বাড়ি ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মিলাতে পারেনি। অবশেষে গতকাল পাওয়া গেলো তার অর্ধগলিত লাশ। এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা তাঁর ভ্যান ছিনিয়ে নিয়ে তাঁকে হত্যা করে মরদেহ বাগানে ফেলে রেখে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দামুড়হুদা -জীবননগর সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না এবং ভ্যান ছিনতাই নাকি অন্য কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পাখি ভ্যান ছিনতাইয়ের জন্য হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ছিনতাই হয়ে যাওয়া পাখি ভ্যানের এখনও কোন খোঁজ পাওয়া যায়নি। তবে হত্যার মোটিভ উদঘাটনে কাজ শুরু করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।